কাজী আরিফের মরদেহ দেশে আনা হবে ২ মে
নিউজ ডেস্ক : নিউইয়র্কে সদ্য প্রয়াত আবৃত্তিকার ও মুক্তিযোদ্ধা কাজী আরিফের শনিবার জামাইকা মুসলিম সেন্টারে বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের পক্ষ থেকে শিল্পীকে গার্ড অব অনার দেওয়া হয়।
এদিকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযোগ্য সম্মানপূর্বক এই বীর মুক্তিযোদ্ধা ও আবৃত্তিশিল্পীর মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে আনার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নিউইয়র্কস্থ বাংলাদেশ মিশনের কনসাল জেনারেল শামীম আহসান এবং রাষ্ট্রদূত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বীন মোমেন এ কথা নিশ্চিত করেন।
আজ রবিবার রাতে আমিরাত এয়ারলাইন্সে তার লাশ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়া হবে এবং ২ মে ঢাকায় পৌঁছবে বলে নিউইয়র্ক থেকে সাংবাদিক হাসানুজ্জামান সাকী জানান।











