মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন (৫৭)কে শ্বাসরোধ করে হত্যার দায়ে তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত এর বিচারক রেজা মোহম্মদ আলমগীর হাসান এ রায় দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, আসামী আব্দুস সালাম (৩১), জামিল মন্ডল (৪১), এবং আব্দুল হামিদ মালিথা (৪১)।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের নিজ বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন মাঠে সেচ দেয়ার পাম্প পাহারা দেয়ার জন্য চরের মাঠে যান। পরদিন ভোর রাতে ঐ মাঠ থেকে মুক্তিযোদ্ধা খবির উদ্দিনের লাশ উদ্ধার হয়। ঘটনার পরেরদিন ৮ ফেব্র“য়ারী তার স্ত্রী উরজিনা বেগম বাদি হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করে। পরে পুলিশ অধিক তদন্ত করে জানতে পারে তিন জন আসামী বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিনকে গলাই মাফলার পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করে এবং আদালতে চার্জশীট প্রদান করেন। পুলিশ প্রতিবেদন ও দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামীরা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী বলেন, এ রায়ে নিহতের স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।











