টিউশন ফির বিপরীতে ভ্যাট আদায় অবৈধ
ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহদীন মালিক ও এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
পরে আইনজীবী এম মনজুর আলম বলেন, গত বছরের ৫ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি পরিপত্র জারি করে। এর একটি অংশে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর বৈধতা নিয়ে রিট করা হয়েছিল। আদালত রুল দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আজকের রায়। এর ফলে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির বিপরীতে ভ্যাট আদায় করা যাবে না।
গত বছরের ১৭ সেপ্টেম্বর ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে এই মূসক আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন আদালত।
ওই বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফিয়ের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হলে তা প্রত্যাহারের আন্দোলনে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে সরকার ওই ভ্যাট প্রত্যাহার করলেও ইংরেজি মাধ্যম স্কুলের ওপর ভ্যাট বহাল থাকে। এটি প্রত্যাহারের দাবিতে আদালতে যান অভিভাবকেরা।











