
শামীম সরকার , মালয়েশিয়া : ভবিষ্যৎ গড়তে অনেক বাংলাদেশি পাড়ি দিয়েছেন ইউরোপ-আমেরিকাসহ এশিয়ার দেশগুলোতে। তাদেরই একজন মালয়েশিয়ায় বসবাসরত নারায়ণগঞ্জের সাজ্জাদ হোসেন শান্ত। বয়স ২১ এর কাছাকাছি। উচ্চশিক্ষার জন্য চলতি বছরের জুনে পাড়ি জমিয়েছেন কুয়ালালামপুরের কোতারায়ার মেলবোর্ন ইন্টারন্যাশনাল একাডেমিতে। হোটেল ম্যানেজমেন্টের উপর ৩ বছরের ডিপ্লোমা করছেন তিনি। এখানে কেমন লাগছে?
ভবিষ্যৎ পরিকল্পনা কী? জানতে চাইলে এক বাক্যে শান্ত বলেন, ‘সোনার বাংলাদেশই ভালো, বাংলাদেশে থাকতেই বেশি ভালো লাগে’।
২০১২ সালে উত্তরার মাইলস্টোন কলেজ থেকে এসএসসি আর ২০১৪ সালে বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন শান্ত। উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগরিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হয়ে ১ সেমিস্টার ক্লাসও করেছেন। তবে পরিবার থেকে অনেকটা ‘জোর’ করেই মালয়েশিয়ায় পাঠানো হয় তাকে।
মাসিক ৩০০ রিঙ্গিতে (বাংলাদেশি প্রায় ৬ হাজার টাকা) শেয়ারিং এ রুম ভাড়া নিয়ে থাকেন শান্ত। মালিক চীনা নাগরিক। তার কাছ থেকে বাংলাদেশি একজন বাড়িটি এককালীন ভাড়া নিয়ে শিক্ষার্থীদের কাছে ভাড়া দেয়।
দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়ে নানা সমস্যার কথা তুলে ধরলেন শান্ত। তিনি বলেন, সব খরচসহ দেড় লাখ কিংবা ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় আসা যায়। তবে ট্রাভেল এজেন্ট আড়াই লাখ টাকা নিয়েছে। বাংলাদেশ বিমানের ফ্লাইটে রাত ২ টায় এসে কুয়ালালামপুরে এসে নামি। তবে রাতে একাডেমি বন্ধ থাকায় এয়ারপোর্টে কেউ নিতে আসেনি। একাডেমির কেউ না আসায় এয়ারপোর্ট থেকেও বের হতে দেয়নি। মালয়েশিয়ায় প্রথম রাত কেটেছে এয়ারপোর্টেই।
পরদিন পূর্ণাঙ্গ ভিসা প্রদানের কাজ শেষ করতে একাডেমি আমাদের পাসপোর্ট জমা নেয়। মেডিকেল ও ইমিগ্রেশনের সম্পূর্ণ কাজ শেষ করে পাসপোর্ট হাতে দেয়া হয়। ৫ মাস পর পাসপোর্ট পেলাম।
তবে, বর্তমানে অন্যরকম এক সমস্যার সম্মুখীন হচ্ছেন এখানকার শিক্ষার্থীরা। শান্ত বলেন, বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের জন্যই আমাদের বেশি সমস্যা হচ্ছে। কুয়ালালামপুরে প্রায়ই অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধরতে অভিযান চালানো হয়। রেইড চললে একসঙ্গে সবাইকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। একজন একজন করে তল্লাশি করে বৈধ পাসপোর্ট- ভিসা দেখে ছেড়ে দেয়া হয়। অবৈধ নাগরিকদের জন্য বৈধদের হয়রানির শিকার হতে হচ্ছে।
শান্ত আমাদের কে জানান, ট্রাভেল এজেন্টরা ৪০-৫০ বছর বয়সী লোকদের চাকরির কথা বলে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় এনে ছেড়ে দেয়। নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে। তাদের এই প্রতারণার কারণে বাঙ্গালি ও বাংলাদেশিদের অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।