খাদিজা হত্যাচেষ্টা মামলা: আদালতে হাজিরা শেষে কারাগারে বদরুল
সিলেট প্রতিনিধি : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমকে রোববার সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
আদালতে হাজিরা শেষে বদরুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়। আদালত এ মামলার পরবর্তী শুনানি ১৫ নভেম্বর ধার্য করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আদালতে হাজিরা শেষে বদরুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। খাদিজাকে কোপানোর ওই মামলায় চার্জশিট স্বল্পতম সময়ের মধ্যে দাখিল করা হবে।
উল্লেখ, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে কলেজের পুকুর পাড়ে তাকে চাপাতি দিয়ে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে খাদিজার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খাদিজার। এ ঘটনার পরই ছাত্ররা বদরুলকে ধরে করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
গত ৪ অক্টোবর খাদিজার চাচা বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় গত ৫ অক্টোবর আদালতে ১৬৪ ধারায় খাদিজাকে কোপানোর কথা স্বীকার জবানবন্দি দেন বদরুল।











