নাসিরনগরে ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিনিধি : মাদক-সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে নাসিরনগর উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ ডাকা হয়।
নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন রানা বলেন, ‘এই ধরনের সমাবেশকে আমরা সাধুবাদ জানাই। তবে, এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। এ উপজেলায় সচেতন ছাত্রসমাজ নামে কোনো ধরনের সংগঠন নেই। এম. বি কানিজ নামে জেলা মহিলা আওয়ামী লীগের এক নেত্রী টাকা-পয়সা দিয়ে এ আয়োজন করিয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আমাদের কে বলেন, ‘এসব বিষয়ে জেলা থেকে কেউ আমাদের কিছু জানায়নি।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, ‘বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগ, এর বিভিন্ন অঙ্গসংগঠন ও উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমেদ বলেন, ‘সমগ্র উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মাদক-সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ আয়োজনের বিষয়ে কেউ আমাদের অবগত করেনি। উপজেলাবাসীর বিরোধীতা করছে। বিশৃঙ্খলা এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে ।











