মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ১
রাজধানীর মীরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। নিহত ব্যক্তির নাম মুরাদ। তিনি জেএমবি’র সামরিক শাখার প্রধান এবং গুলশান ও শোলাকিয়ার হামলার প্রশিক্ষক বলে জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান।
এদিকে জঙ্গিদের সাথে গোলাগুলিতে আহত হয়েছেন পুলিশের তিন কর্মকর্তা। তাদের মধ্যে দু’জনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়। রূপনগর থানা পুলিশ এই অভিযান চালায়।
আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন, রূপনগর থানার ওসি তদন্ত শাহীন ফকির, ওসি সৈয়দ শাহীন হোসেন এবং এস আই মমিনুল।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল মান্নান এ তথ্য জানান।











