বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন লোগোতে টেলিটক

 
প্রযুক্তি ডেস্ক : লোগো পরিবর্তন করে ‘স্বপ্ন হাসিমুখের’ স্লোগান নিয়ে নতুন করে যাত্রা শুরু করলো রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন কোম্পানি টেলিটক।মঙ্গলবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির নতুন লোগো উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এক অনুষ্ঠানে নতুন লোগো দর্শকদের সামনে তুলে ধরা হয়।

2016_03_08_21_20_05_Hj0KJnyWV4A1l4gKDXka8KQE5WoMSd_original

 

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতের সব ব্যর্থতা ভুলে টেলিটককে নিজের পায়ে দাঁড়াতেই হবে। এ জন্য এই রি-ব্র্যান্ডিং।’ নতুন লোগো নিয়ে টেলিটক বাংলাদেশের অন্যতম প্রধান টেলিকম কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারানা।টেলিটককে প্রতিযোগিতায় নিয়ে আসতে চাই উল্লেখ করে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামাঞ্চল পর্যন্ত এর নেটওয়ার্ক নিয়ে যাওয়া হবে। এ জন্য শিগগিরই এক হাজার ৫০০ থ্রিজি ও এক হাজার ৭০০টি টুজি বিটিএস স্থাপন করা হবে।’

 

 

কোম্পানিরের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘টেলিটকের মূল উদ্দেশ্য হবে সময়ের সাথে টেলিকম প্রযুক্তিকে মানুষের আরো কাছাকাছি নিয়ে যাওয়া।’বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘টেলিটকের নতুন যাত্রায় সেবার মান বাড়াতে হবে। নিরবিচ্ছিন্ন ভয়েস ও ডাটা নেটওয়ার্ক সুবিধা দিতে হবে। নিশ্চিত করতে হবে আকর্ষণীয় অফার এবং গ্রাহক সেবা। তাহলেই এ নতুন যাত্রা সফল হবে।’

 

 

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘বিনিয়োগ স্বল্পতার কারণে টেলিটক কাঙ্ক্ষিত সেবা দিতে পারে না। তবে চলমান প্রকল্পগুলোর অগ্রগতির সাথে সাথে নেটওয়ার্কের গুণগতমান উন্নতি হচ্ছে।’অনুষ্ঠানে বেসরকারি অন্য মোবাইল অপারেটরদের প্রতিনিধিসহ টেলিটকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব জাহিদ হাসানও উপস্থিত ছিলেন। বাংলা ব্যান্ড ‘জলের গান’ এবং কণ্ঠশিল্পী কোনালের গানের মাধ্যমে শেষ হয় সেই অনুষ্ঠান।

 

বিটিআরসির হিসাবে, গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহক ছিল ১৩ কোটি ১৯ লাখ। এরমধ্যে টেলিটকের গ্রাহক মাত্র ৪২ লাখের একটু বেশি।