বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ কর্মী চায় সিঙ্গাপুর

1456460609কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীর চেয়ে শুধু দক্ষ কর্মী নিতেই বেশি আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে সিঙ্গাপুরে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা জানান দেশটির জনশক্তি বিষয়ক মন্ত্রী লীম সুই। চারদিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী এখন সিঙ্গাপুরে রয়েছেন।
বৈঠকে মন্ত্রী লীম সুই বাংলাদেশের দক্ষ কর্মীদের কাজের প্রশংসা করেন। এ সময় বাংলাদেশ থেকে হাউজ কিপিং এবং বেবি সিটার কাজে কর্মী নেয়ার বিষয়েও দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়। বর্তমানে সিঙ্গাপুরে অনেক বিদেশি কর্মী কাজ করছেন বলে জানান লীম সুই।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে ৫৫ হাজার ৫২৩ জন দক্ষ কর্মীর সিঙ্গাপুরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এটিই সর্বোচ্চ। এজন্য সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। সিঙ্গাপুরে নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প ও সেবা খাতে বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নেয়ার জন্য সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রী লীম সুইকে অনুরোধ জানান প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত।’
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মাহাবুব-উজ-জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আকরাম হোসেন এবং কাউন্সিলর (শ্রম) আয়েশা সিদ্দিকা শেলী। সিঙ্গাপুর সফর শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।