বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে ছাত্রকে পেটাল ছাত্রলীগ

news-image

iu1455707655

নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের সবুজ হোসেন নামের এক ছাত্রকে বেধড়ক মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষদ ভবনের পিছনে এ মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র ও ছাত্রদলকর্মী সবুজ হোসেন ক্লাস থেকে বের হয়ে অনুষদ ভবনের পেছনে আসলে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের কয়েক কর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়।

 

এসময় ছাত্রলীগ ও কর্মী ইংরেজি বিভাগের ছাত্র গোলাম মোস্তফা, মেহেদী হাসান, রেজভী, পাপন তাকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে চলে যায়। এতে সবুজ মাটিতে লুটিয়ে পড়েন।
পরে অজ্ঞান অবস্থায় কয়েকজন শিক্ষার্থী সবুজকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সেখান থেকে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার শাহিনুল আজম জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগকর্মী গোলাম মোস্তফার কয়েক বন্ধু জানান, একই মেয়ের সঙ্গে উভয়ের প্রেমঘটিত বিষয় নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব ছিল। সেই জের ধরে তাকে মারধর করেছে।

আহত ওই ছাত্র সবুজ জানান, আমি ছাত্রদল করি জন্যই তারা আমার ওপর এ হামলা চালিয়েছে। এর আগেও কয়েকদিন আমাকে ক্যাম্পাসে বিভিন্ন হুমকি দিয়েছিল। আমি আজ ক্লাস করে বাইরে বের হলে তারা আমাকে বেধড়ক মারধর করে।

এ ব্যাপারে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস বলেন, ওই ছেলে ছাত্রলীগ নিয়ে বাজে মন্তব্য করায় আমার কয়েকজন কর্মী তাকে মারধর করেছে বলে শুনেছি।

প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ছাত্রলীগের কয়েকজন কর্মী এক ছাত্রকে মারধর করেছে। আমি বিষয়টি শুনেছি। পরে আমার একজন সহকারী প্রক্টর তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে কুষ্টিয়ায় পাঠিয়েছে। আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।