বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটকের পর ইবি ছাত্র নিখোঁজ

1878_b3ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বাশার (২২) পুলিশের হাতে আটকের পর থেকে নিখোঁজ রয়েছেন। জানা গেছে, নিখোঁজ ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি মসজিদের ইমাম। গত বৃহস্পতিবার ভোররাতে কুষ্টিয়া লাহিনীপাড়া থেকে পুলিশ তাকে আটক করেছে বলে জানায় স্থানীয় এবং পারিবারিক সূত্র। এদিকে আটকের পর সাত দিন পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সূত্র জানায়, ওই রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনজনকে আটক করে। আটককৃত বাকি দুজন হলো কুষ্টিয়া লাহিনী মাধ্যমিক স্কুলের শিক্ষক সাজ্জাতুল আলম (৩৫) ও একই এলাকার মেজবার জোয়ার্দার (৩৪)। আটকের পর তাদের কুষ্টিয়া থানায় নিয়ে যাওয়া হয়। সকালে তাদের ছাড়িয়ে আনতে গিয়ে পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখাও করেন।

তবে ওই দিন দুপুরের পর থেকে পুলিশের পক্ষ থেকে পরিবারকে দায়সারাভাবে বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। থানা থেকে বলা হয় আমরা এ বিষয়ে জানি না। ঢাকা থেকে বিশেষ শাখার লোকরা তাদের আটক করেছে। তাদের ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। তারা বারবার বলছে ওপরের নির্দেশ। আমরা কিছু জানি না। ইবি ছাত্র আবুল বাশারের ভাই আতিকুর রহমান বলেন, ফজরের নামাজের পর তাকে আটক করা হয়েছে। সকালে আমরা তার সঙ্গে থানায় দেখা করেছি। তবে দুপুরের পর থেকে তার কোনো সন্ধান পাচ্ছি না। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা দ্রুত তাদের সন্ধান চাই। এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, আটককৃতদের ডিএমপির গোয়েন্দা শাখা থেকে গ্রেপ্তার করে ওই দিনই তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।