বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিপটপ রুফটপ

220359feture-01-1-1একটুখানি হাতের ছোঁয়ায় বাসার ছাদকে বানাতে পারেন নন্দনকানন! ধোঁয়া-দূষণের এই শহরে প্রতিটি বাড়ির ছাদ হতে পারে অক্সিজেনের একেকটি ছোট্ট কারখানা! ছাদে বাগান করার আদ্যোপান্ত জানালেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক ও স্থপতি জিসান ফুয়াদ চৌধুরী। গ্রন্থনায় পিন্টু রঞ্জন অর্ক

ছাদে বাগান করার দুটি পদ্ধতি আছে। একটি ল্যান্ডস্কেপিং, অন্যটি হার্ডস্কেপিং। ল্যান্ডস্কেপিংয়ে মূলত সবুজটাই প্রাধান্য পায়। আর হার্ডস্কেপিংয়ে পাথরের প্রাধান্য থাকে, পরিবেশটা হয় একটু রুক্ষ। বিদেশে ল্যান্ডস্কেপ এবং হার্ডস্কেপ দুটিই সমান জনপ্রিয়। আমাদের দেশে ল্যান্ডস্কেপের প্রাধান্য দেখা যায়। কারণ হার্ডস্কেপের তুলনায় ল্যান্ডস্কেপের পরিচর‌্যা সহজ।

ছাদে বাগান করতে হলে অনেক বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে দরকার একটি সুচিন্তিত নকশা। এ জন্য স্থপতির সাহায্য নিলে খুবই ভালো। আপনার বাগানে কোন কোন বিষয়ের প্রাধান্য থাকবে, সেটি আগেই স্থপতিকে জানিয়ে দিন। আর যদি নিজে নিজে করতে চান, তাহলে প্রথমে ছাদের আয়তন ভাগ করে নিন। কোন অংশে কোন গাছ লাগবেন, সেটি ঠিক করুন। কোন অংশে সবজি, কোন অংশে ফুল বা অন্যান্য গাছ লাগাবেন তার ভিত্তিতেও ভাগ করতে পারেন। কোন অংশে বসার ব্যবস্থা করবেন, সেটি ছাউনিযুক্ত হবে না খোলামেলা, হাঁটাচলার পথ কেমন থাকবে—এসব বিষয় মাথায় রাখুন। গাছের ছা

য়া পড়বে এমন জায়গায় বসার স্থান রাখতে পারেন।feture-01-1-2

গাছ লাগাতে প্রথমেই দরকার হবে মাটি। মাটি দেওয়ার আগে ছাদের ধারণক্ষমতা সম্পর্কে সম্যক ধারণা থাকলে ভালো। একটা বাগানের জন্য যে পরিমাণ মাটি লাগবে, তার ওজন নেহাত কম নয়। বৃষ্টির পানি তো আছেই। তা ছাড়া পরিচর‌্যার জন্যও নিয়মিত গাছে পানি দিতে হবে। ফলে ভেজা মাটির ওজন কিন্তু আরো বেড়ে যাবে। তাই ছাদের ধারণক্ষমতা জানা থাকলে পরে বাড়ির কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না। বাড়ির ধারণক্ষমতার ওপর নির্ভর করবে কোন ধরনের গাছ লাগাবেন। ধারণক্ষমতা বেশি হলে প্রায় সব রকম গাছই লাগানো যাবে। অল্প মাটিতে ছোট গুল্মজাতীয় গাছের বাগান করাও সম্ভব।

বাড়ির ধারণক্ষমতার ওপর নির্ভর করবে ছাদে কোন ধরনের গাছ লাগাবেন। মডেল : মারিয়া ও সজীব

যেভাবে মাটি স্থাপন করবেন

দুইভাবে মাটি স্থাপন করতে পারেন। প্রথমত, ছাদকে পানিরোধী করে সরাসরি মাটি ফেলা। এ ক্ষেত্রে প্রথমে বিটুমিনাস মেমব্রেন দিতে হবে ছাদের ওপর। এরপর ১৯ মিলিমিটার উচ্চতা পর্যন্ত বালু বিছিয়ে তার ওপর খোয়া (ইটের ছোট ছোট টুকরো) দিতে হবে। এর ওপরই মাটি দেবেন। বালি এবং মাটি দেওয়ার সময় খেয়াল রাখবেন, পানি নিষ্কাশনের জন্য ছাদের ওপর যে পাইপ আছে তার মুখ যেন ঢেকে না যায়। এই মুখের সঙ্গে সংযুক্ত করে মাটির ওপর পাইপের লাইন টেনে দিতে পারেন। এতে করে বৃষ্টির পানি জমে গাছের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে না। পাইপের দিকটায় মাটি একটু ঢালু রাখলে ভালো হয়। এর ওপর জিও টেক্সটাইল (এক ধরনের পলিথিন জাতীয় কাপড়) বিছিয়ে দিতে হবে।

আরেকটি পদ্ধতি হলো, কোনো পাত্র বা টবের মধ্যে মাটি দেওয়া। প্রথম ক্ষেত্রে ছোট ছোট টব বাছাই না করে বড় ট্রে বা প্লাস্টিকের বাক্স বা ড্রাম নেওয়া যেতে পারে। অনেকেই ছাদের ওপর সিমেন্টের ঢালাই করা বড় টব বানিয়ে নেন। এ ধরনের টবের ওজন অনেক বেশি হয়। ফলে ছাদের ধারণক্ষমতার বড় অংশই কংক্রিটের টব দখল করে ফেলে।

ছাদের বাগানে কোন ধরনের মাটি দেবেন তা-ও গুরুত্বপূর্ণ। মাটি যেন হালকাও হয় আবার পানিও ধরে রাখে। এ ক্ষেত্রে বেলে দো-আঁশ মাটিই উত্তম। এর সঙ্গে সবুজ সার মিশিয়ে নিলে মাটির পুষ্টিগুণ অনেক বেড়ে যাবে।

কতটুকু মাটি দরকার

কী ধরনের গাছ লাগাবেন তার ওপর মাটির পরিমাণ নির্ভর করবে। যেসব উদ্ভিদের শেকড় একটু গভীরে যায়, সেসব উদ্ভিদের জন্য মাটি বেশি দিতে হবে। যেমন ফলমূল ও শাকসবজি লাগালে বেশি মাটির দরকার হবে। যদি শুধু ঘাস লাগাতে চান তাহলে মাটির পুরুত্ব ছয় থেকে আট ইঞ্চি হলেই চলবে। সবজি চাষ করতে চাইলে মাটির পুরুত্ব হবে এক থেকে দেড় ফুট। এ ছাড়া পেয়ারা বা লিচুর মতো ফলের গাছ লাগালে মাটির পুরুত্ব হবে দুই ফুটের মতো।

আগেই খেয়াল রাখুন ছাদের কোন অংশে বসার ব্যবস্থা করবেন, সেটা ছাউনিযুক্ত হবে না খোলামেলা থাকবে

আলো-হাওয়ার খেলা

গাছের বেঁচে থাকার জন্য সূর‌্যালোক অতীব গুরুত্বপূর্ণ। তাই বাগানের নকশা তৈরি করার আগে ছাদের কোন দিক থেকে রোদ আসে এবং ঋতুভেদে সূর‌্যালোক কোন দিকে সরে যায় ইত্যাদি বিষয় বিবেচনায় নিতে হবে। গাছ বাছাইয়েও সূর্যের অবস্থান গুরুত্বপূর্ণ। সাধারণত দিনের বড় একটা অংশজুড়েই ছাদে সরাসরি সূর্যের আলো পড়ে। তাই সবজির চাষ বেশ সুবিধাজনক। তবে রেলিংয়ের অবস্থান বা পাশের বাড়ির উচ্চতার কারণে বাগানে ছায়া পড়তে পারে। এ ক্ষেত্রে দিনে কতক্ষণ এবং কোন দিকে বেশি রোদ পাওয়া যাবে, এসব বিবেচনা করে তারপর বাগানের নকশা করা ভালো। পর‌্যাপ্ত বায়ু চলাচল সব ধরনের উদ্ভিদের জন্যই ভালো। সাধারণ বাগানের থেকে ছাদের বাগানে বাতাসের চলাচল একটু বেশিই হয়ে থাকে। তবে অতিরিক্ত বাতাস গাছের আর্দ্রতা কমিয়ে দেয়। এ ছাড়া ঝোড়ো বাতাসে গাছের নুয়ে পড়ার আশঙ্কাও থাকে। তাই বাতাসের দিকও বিবেচনায় নিতে হবে। ছাদ যদি খুব উঁচুতে হয় এবং আশপাশে আর কোনো উঁচু দালান না থাকে, তবে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য বেড়া দিতে পারেন। বাতাস যেন মাটির আর্দ্রতাও কেড়ে না নেয় তা নিশ্চিত করতে মাটির ওপর খড়ের বা প্লাস্টিক চাদরের আবরণও দিতে পারেন।

যত্ন-আত্তি

শুধু গাছ লাগালেই তো হলো না, এর সঠিক পরিচর‌্যাও দরকার। গাছের পরিচর‌্যায় আপনার অবসর যেমন কাটবে, তেমনি মনও থাকবে সতেজ। ছাদের গাছের যত্নের মূল বিষয় হচ্ছে পর‌্যাপ্ত সূর‌্যালোক, পরিমাণমতো পানি। শীত ও গ্রীষ্মে প্রতিদিন নির্দিষ্ট সময় মাটির আর্দ্রতা দেখে পানি দিতে হবে। সাধারণত ছাদের গাছে পোকামাকড়ের আক্রমণ কম হয়। পাখি ও বাদুড়ের উত্পাত খুব বেশি হয়। বাদুড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ফল বা সবজির ওপর জাল দিতে পারেন। বছরে অন্তত একবার পুরনো মাটি বদলিয়ে জৈব সারসহ নতুন মাটি দিতে হবে। মাঝেমধ্যে রোগাক্রান্ত, বড় হয়ে যাওয়া ডালপালা, পাতা সাবধানে কেটে দিতে হবে। এতে গাছপালা রোগমুক্ত থাকবে। ফুল ও সবজিতে প্রয়োজনমাফিক সার দিতে হবে। কিন্তু আম, পেয়ারার মতো ফলের ক্ষেত্রে বছরে অন্তত দুইবার পরিমাণমতো সার দিতে হবে। একবার বর্ষার আগে, একবার বর্ষার পরে হলে ভালো হয়। সার প্রয়োগের সময় মাটির আর্দ্রতা দেখে নিতে হবে। ছাদের বাগানে মিশ্র সার, গুটি ইউরিয়া, খৈল ইত্যাদি ব্যবহার করা ভালো। অবস্থা বুঝে গাছের গোড়ায় সপ্তাহে একবার চুনের পানি ব্যবহার করতে পারেন।

মাটি ও ছাদের ক্ষয়রোধ

বাগানের মাটি থেকে বের হওয়া অতিরিক্ত পানি ছাদের কংক্রিটের ক্ষতি করতে পারে। এ ছাড়া ছাদে আগাছা জন্মে ছাদের মেঝেকে পিচ্ছিল ও ক্ষয় করে ফেলে। তাই পানি নিষ্কাশনের জন্য সঠিক পরিকল্পনা থাকতে হবে। সাধারণত দেখা যায়, টবে গাছ বোনা হলে এর নিচে একটি মাটির ট্রে রাখা হয়। এটি অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য পর‌্যাপ্ত নয়। উপরন্তু মাটির ট্রে পানি শোষণ করে সেটিকে ছাদের মেঝেতেই পৌঁছে দেয়। সবচেয়ে ভালো হয়, যদি ছাদের মেঝেতে পানি নিরোধক টাইলস বা আলকাতরার একটি স্তর তৈরি করে তার ওপর যথাযথ একটি নিষ্কাশন নালার ব্যবস্থা করা যায়। নালার ওপর একটি ছাঁকনি রাখা যেতে পারে। এতে পানির সঙ্গে ধুয়ে যাওয়া মাটি নিষ্কাশন নালা বা ছাদে না পড়ে ছাঁকনিতে আটকে থাকবে। এভাবে মাটি ও ছাদ উভয়ের ক্ষয় রোধ করা যাবে। অনেকেই পানি নিষ্কাশনের জন্য ছাদের এক কিনারা সামান্য ঢালু রাখেন, এটিও বেশ ভালো উপায়। তবে কিছুতেই ছাদের কর্নার ভেঙে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যাবে না। এতে করে স্থাপনার ক্ষতি হয়ে যেতে পারে।

বৃক্ষসখা

দেয়াল বেয়ে উঠতে পারে বিধায় লতাজাতীয় গাছ দেয়ালের কাছাকাছি লাগাতে পারেন। যাঁরা ফুলের সঙ্গে প্রজাপতির মিতালি ভালোবাসেন, তাঁরা মৌসুমি ফুলের গাছ লাগাতে পারেন। অনেকেই চান ছাদে সবজি চাষ করতে। ছাদের আয়তন বড় হলে ফুল ও সবজি একসঙ্গেই চাষ করতে পারবেন। ছাদের বাগানের জন্য লেবু, পেয়ারা, আম, জামরুল, ডালিম, আমড়া, লিচু, কামরাঙা, জলপাই, করমচা—এসব ফল বেশি উপযোগী। ফলের ক্ষেত্রে হাইব্রিড বা দেশীয় যেকোনো জাত ব্যবহার করেন না কেন, কলমের চারা ব্যবহার করলে ভালো হয়। এতে নানন্দিকতা ভালোভাবে রক্ষা পায়, জায়গাও কম লাগে। এ ছাড়া আঙুরের মতো লতানো বা স্ট্রবেরির মতো একদম মাটিতেই জন্মানো গাছ বেছে নিতে পারেন। ছাদের বাগানে সবজির ক্ষেত্রে কোনো বাছবিচার নেই বললেই চলে। সব ধরনের শাক, লতানো সবজি যেমন লাউ, কুমড়া, শিম থেকে শুরু করে মুলা, গাজর, ফুলকপি, ব্রোকলি, মরিচ, বেগুন—সবই লাগাতে পারেন। যেকোনো ধরনের ছোট ফুলের গাছ লাগাতে পারেন। গোলাপ, গাঁদা, বেলির মতো ছোট গাছের ফুল অথবা অপরাজিতা, মর্নিং গ্লোরি ইত্যাদি লতানো গাছ বেড়া তুলে দিয়ে চাষ করা সম্ভব।

ছাদে লাগানোর জন্য লতানো ও কম উচ্চতার গাছ নেওয়া ভালো। যেসব গাছের শিকড় বেশি গভীরে প্রবেশ করে, সেসব গাছও ছাদের বাগানে লাগাবেন না।

শিকড় পাশের দিকে বেশি ছড়ায় এমন গাছই ছাদের বাগানের জন্য উত্কৃষ্ট। ছাদের বাগানে যে ধরনের গাছই লাগান না কেন, গাছের আকার যতটা সম্ভব ছোট রাখবেন। যদি ফলগাছ বোনার পরিকল্পনা থাকে, তবে গাছের উচ্চতা কম রেখে, বেশি ডালপালার ঝাড় রাখুন। লম্বা কাণ্ডের কম ডালপালার গাছের অসুবিধা হচ্ছে—এ ধরনের গাছ অল্প বাতাসেই নুয়ে যায় বা কাণ্ড ভেঙে যেতে পারে।

অবশেষে হাসি

এত পরিশ্রমের পরে নিজের বাগানে যখন ফুল-ফল আসে তখন মন খুশিতে ভরে ওঠে। গাছের যত্ন একজন করলেও ফসলের খুশি পৌঁছে যায় সবার কাছে। যান্ত্রিক জীবনে সবুজের আনন্দ ছুঁয়ে যায় সবার হূদয়।