ইউরোপের সবচেয়ে প্রাচীন ও রহস্যময় সমাধিস্থলের সন্ধান
ইউরোপের সবচেয়ে প্রাচীন সমাধিস্থলের সন্ধান মিলেছে। এটি প্রায় সাড়ে ৮ হাজার বছর আগের বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এখানে দুটো কঙ্কলও পাওয়া গেছে। একটি ৬ মাস বয়সী এক শিশুর। অপরটি বিশের কোঠার এক যুবকের।
এই জার্মান সমাধিস্থলটি যে স্থানে রয়েছে তা গ্রস ফ্রেডেনওয়ালডে নামে পরিচিত। এর কাছেই একটি গ্রাম রয়েছে। এই স্থানগুলো মেসোলিথিক যুগের। তখন ইউরোপে শিকারিরা বাস করতেন। বার্লিনে এক বিবৃতিতে আবিষ্কারকরা জানান, পাহাড়ের ওপরের ওই সমাধিস্থল থেকে ৯টি দেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এদের ৫টি কঙ্কালই শিশুদের যাদের সবার বয়স ৬ বছরের কম। সেখানে আরো অনেক কঙ্কাল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট বেটিনা জাঙক্লাউস জানান, একটি স্থানে মেসোলিথিক আমলের এতগুলো কঙ্কাল পাওয়া বিরল ঘটনা। এরা সম্ভবত ভাসমান মানুষ ছিলেন। এক স্থান থেকে অন্য স্থানে জীবন কাটাতেন। বার্লিন থেকে ৫০ মাইল উত্তরে এক পাহাড়ের ওপর এর সন্ধান মেলে। মাটি থেকে সমাধিস্থলটির উচ্চতা ৩০০ ফুট। ২০১৩ এবং ২০১৪ সালে প্রাগৈতিহাসিক আমলের কিছু কবরস্থানের সন্ধান পাওয়ার চিহ্ন খুঁজে পাওয়া যায়। পাহাড়ের শক্ত ও পাথুরে মাটি খুঁড়ে এসব কবরস্থান বের করা খুব কঠিন কাজ ছিল। তা ছাড়া বসবাসের জন্যে খুব প্রতিকূল স্থান এটি।
‘কোয়ারতার’ নামের এক জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে খননকারী দলের প্রধান থমাস টারবারগার জানান, এই কঙ্কালগুলো মৃতের পরিকল্পনামাফিক কবর দেওয়ার বিষয়টি স্পষ্ট করে। দুর্ঘটনাক্রমে এদের কবর দেওয়া হয়নি। বরং এটা এমন এক স্থান যেখানে সিদ্ধান্ত নিয়েই কবর দেওয়া হয়। ইউরোপের উত্তরাংশ বা স্ক্যান্ডিনেভিয়ায় পরিকল্পনামাফিক কবরস্থ করার প্রথম উদাহরণ বলে গণ্য হতে পারে এই আবিষ্কার।
আরেক আর্কিওলজিস্ট এরিক ব্রিঞ্চ বলেন, এই স্থানটি সত্যিই অনন্য। আগেকার শিকারিরা সাধারণ মৃতদের কবরস্থ করতো তাদের বাসস্থানের পাশে। কিন্তু এমন একটা ভিন্ন সমাধিস্থল সত্যিই মেলা দুষ্কর।
বিজ্ঞানীদের মতে, মাত্র ৬ মাস বয়সী এক শিশুর এত পুরনো কঙ্কাল মেলাও প্রায় অসম্ভব ঘটনা। এটাই জার্মানিতে পাওয়া পুরনো শিশু কঙ্কালের একমাত্রটি। তা ছাড়া গোটা ইউরোপের মধ্যেও সবচেয়ে পুরনো। ৩০০ কেজি মাটির নিচে চাপা ছিল কঙ্কালটি। সাড়ে ৮ হাজার বছর আগের কঙ্কালগুলো তুলে গবেষণাগারে আনার কাজটা ছিল অনেক বেশি কঠিন।
৬ মাস বয়সী শিশুটির মৃতদেহ প্রায় নিখুঁত উপায়ে সংরক্ষণ করা হয়েছিল। ছোট দুটো হাত এর সরু বুকে ওপর ভাঁজ করে দেওয়া হয়। গিরিমাটির লাল অংশ দিয়ে এর দেহ সাজিয়ে দেওয়া হয়। এর কঙ্কালের রসায়ন বিশ্লেষণ করে বহু তথ্য পাওয়া যেতে পারে। জানা যাবে শিশুটি বুকের দুধ খেতো কিনা। ডিএনএ টেস্টের মাধ্যমে তার লিঙ্গ নিশ্চিত করা যাবে। সেই সময় ইউরোপের আহাওয়া কেমন ছিল সে সম্পর্কে ধারণা মিলবে। সেই সঙ্গে জানা যাবে মৃত্যুর কারণ।
আরো রহস্যের বিষয় হলো, এই শিশুটির কাছাকাছি মিলেছে ২০ কোঠায় পা দেওয়া এক যুবকের কঙ্কাল। শিশুটিকে কবরস্থ করার প্রায় ১০০০ বছর পর যুবককে এখানে কবরস্থ করা হয়। অদ্ভুত ব্যাপার হলো, একে দাঁড় করিয়ে কবরস্থ করা হয়েছে। অন্যান্য পরীক্ষা বোঝা গেছে, যুবক খুব সাধারণ জীবনযাপন করতো। তার মধ্যে শিকারী বা মজুরের মতো পরিশ্রমের চিহ্ন মেলেনি। তাকে অভিজ্ঞ কারিগরের মতো বলেই ধরে নেওয়া হয়েছে। তবে যুবক কোনো শিকারী দলের অন্তর্ভুক্ত ছিল। তার কঙ্কাল ৭ হাজার বছরের পুরনো। এতে বোঝা যায়, এই পাহাড়টি হাজার বছর ধরে মৃতের সমাধি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।
যুবক সেই সময়ের যখন ইউরোপের এই অংশে প্রথমবারের মতো কৃষকদের পদার্পন ঘটে। এরাই ইউরোপের জীবনযাত্রা বদলে দিয়েছিল। এরা বিভিন্ন স্থানে থেকে এই মুখে এসেছিল। ওই সময়েই সম্ভবত প্রথম স্থানীয় শিকারী দল নতুন আসা মানুষগুলোকে বাধা দেয়। আবার পরবর্তীতে এখানকার শিকারী দল এবং কৃষক শ্রেণিকে পাশাপাশি অবস্থান করতে দেখা যায়।
বিজ্ঞানীরা আরো দেখেছেন, শিকারী দলের এই সমাধিস্থল থেকে কৃষকদের বসতি মাত্র ৭ মাইল দূরে ছিল। অথচ এই দুই দলের মধ্যে যোগাযোগ ছিল বলে কোনো লক্ষণ বা নমুনার খোঁজ মেলেনি। হয়তো তারা একে অন্যের চোখের দিকে চাইতেন, কিন্তু কোনো কিছুর লেনদেন ঘটেনি তাদের মাঝে। পণ্য বা জিন কিছুই বিনিময় হয়নি। সূত্র : ন্যাশনাল জিওগ্রাফি











