বাংলাদেশকে কালো তালিকায় : ৩০ হাজার শ্রমিক নিচ্ছে ইতালি
সিজনাল জব ভিসায় (মৌসুমি চাকরি) ২৭ দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর ৩০ হাজার শ্রমিক ইতালিতে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও তাতে বাংলাদেশের নাম নেই। দেশটির সরকার ২ ফেব্রুয়ারি একটি গেজেট প্রকাশ করেছে। সেখানে এশিয়ার বিভিন্ন দেশের নাম উল্লেখ করা হলেও বাংলাদেশের জন্য কোনো কোটা রাখেনি ইতালি সরকার। বাংলাদেশর নাম কালো তালিকায় (ব্লাকলিস্টেড) রাখা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশী শ্রমিকরা সিজনাল ভিসার নিয়মনীতি যথাযথভাবে পালন করতে না পারায় ৩ বছর ধরে বাংলাদেশের কোটা বন্ধ করে দিয়েছে ইতালি সরকার। বাংলাদেশীদের জন্য ইউরোপের সবচেয়ে বড় শ্রম বাজার ছিল ইতালির সিজনাল জব ভিসা। নানা অনিয়ম ধরা পড়ায় বাংলাদেশের জন্য সরকারিভাবে কোটা বাদ দেয়া হয়। টানা ৩ বছর ধরে ইতালিতে মৌসুমি ভিসা বন্ধ থাকলেও কূটনৈতিক উদ্যোগ নিয়ে এর কোনো সুরাহা করতে পারেনি বাংলাদেশ সরকার। এ নিয়ে নানা অভিযোগ রয়েছে প্রবাসীদের।
খঊইটজানা যায়, সিজনাল ভিসার নিয়ম অনুযায়ী অ্যাগ্রিকালচার এবং হোটেল-ট্যুরিজম সেক্টরে কয়েক মাসের কাজের মৌসুম শেষে বিভিন্ন দেশের কর্মীদের যথাসময়ে ফিরে যেতে হয় নিজ দেশে। ইতালির আইন মেনে যারা যথাসময়ে ফিরে যান তাদের পরের বছর সিজনাল ভিসা দেয়া হয়। ২০১৩ সালে বাংলাদেশ ‘ব্ল্যাক লিস্টেড’ হওয়ার আগে ২০০৮ সাল থেকে ২০১২ পর্যন্ত ১৮ হাজার বাংলাদেশী সিজনাল ভিসায় ইতালি গিয়েছিল। তাদের মধ্যে মাত্র ৫০-৬০ জন যথাসময়ে বাংলাদেশে ফিরে আসেন। অনেকে সিজনাল ভিসার মেয়াদ থাকতেই ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান।
এ প্রসঙ্গে রোমে ঢাকার রাষ্ট্রদূত মো. শাহাদাত হোসেন জানান, বাংলাদেশী শ্রমিকরা যদি ইতালি সরকারের নিয়মনীতি না মানে তাহলে সরকারের কি করার আছে? এর পরেও কোটা পেতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। আগামী কোটায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।











