বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল : চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি

news-image

বেতনবৈষম্য দূরীকরণসহ নানা দাবিতে চিকিৎসকদের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আসা রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দুই দিন ধরে তাঁরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক হুমায়ূন কবীর বলেন, জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল এবং বেতনবৈষম্য দূর করার দাবিতে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ (প্রকৃচি) বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৬টি ক্যাডারের সদস্যরা দেশব্যাপী এ কর্মসূচি পালন করছেন। গত রোববার এ কর্মসূচি শুরু হয়েছে। কাল বুধবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত কর্মবিরতি চলবে। গতকাল সোমবারও দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসকেরা রোগী দেখেছেন।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগের রোগীদের জন্য টিকিট সংগ্রহের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্টার আর খোলা হয়নি। হাসপাতালের নিচতলা, দ্বিতীয় ও তৃতীয় তলায় রোগীদের বিভিন্ন চিকিৎসকের কক্ষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্তত ১৯ জন চিকিৎসকের কাউকেই তাঁদের কক্ষে গিয়ে পাওয়া যায়নি।
নবীনগর উপজেলা থেকে আসা রুনা বেগম দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, ‘সকাল সাড়ে আটটায় হাসপাতালে আসছি। এখনো ডাক্তারের দেখা পাই নাই।’
আশুগঞ্জ উপজেলা থেকে আসা মো. শাহনেওয়াজ বলেন, ‘বেলা ১১টা থেকে চিকিৎসকের জন্য অপেক্ষা করছি।’
সদর উপজেলার নরসিংসার থেকে আসা তানিয়া আক্তার, শহরের মেড্ডা এলাকার নাজমা বেগম ও মমতাজ বেগম, কলেজপাড়ার চুমকি বেগম, ভাদুঘরের আবদুল মজিদ ও মধ্যপাড়ার স্বপ্না রানী দাস বেলা পৌনে একটার দিকে বলেন, ‘রোববারও হাসপাতালে এসেছিলাম। আজও বেলা ১১টায় এসেছি। এখনো ডাক্তার আসেন নাই।’
বিজয়নগর উপজেলার ভিটিদাউদপুর থেকে চোখের সমস্যা নিয়ে আসা মাইনউদ্দিন রুবেল বলেন, ‘দুপুর পৌনে ১২টায় হাসপাতালে এসে বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ পাই। চক্ষু বিভাগে গিয়ে দেখি, সেখানেও চিকিৎসক নেই। অনেক তর্ক ও চেষ্টার পর জরুরি বিভাগ থেকে টিকিট পাই।’
বেলা একটার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় ডা. শহীদ মিলন হলের সভাকক্ষে দেখা যায়, চিকিৎসকেরা চা-নাশতা করছেন। সাংবাদিক পরিচয় পেয়ে কয়েকজন চিকিৎসক কক্ষে গিয়ে সোয়া একটা থেকে রোগী দেখা শুরু করেন। অন্য চিকিৎসকেরা আস্তে আস্তে হাসপাতাল থেকে বের হতে শুরু করেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা নূর আলম সিদ্দিক বলেন, ‘চিকিৎসকেরা কর্মবিরতির নির্ধারিত সময় আগেই যাঁর যাঁর কক্ষে থেকে বেরিয়ে গেছেন—এমনটি হওয়ার কথা নয়। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
প্রকৃচি সদর উপজেলার সভাপতি ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত হোসেন বলেন, এক ঘণ্টার কর্মবিরতিতে রোগীদের তেমন সমস্যা হওয়ার কথা না। তা ছাড়া জরুরি বিভাগে চিকিৎসক তো আছেনই।

প্রথম আলো