মঙ্গলবার চালু হচ্ছে ‘পিংক বাস’
অনলাইন ডেস্ক : রাজধানীতে নারীদের জন্য বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার থেকে চালু হতে যাওয়া এই বাসে শুধু নারী যাত্রীরা চলাচল করতে পারবেন। বাসের চালক ও সহকারী হিসেবেও থাকবেন নারীরা।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা। রোববার সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিআরটিসি জানিয়েছে, পিংক রঙের এসব বাসে নারী চালক ও নারী কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন। এর ফলে নারীদের জন্য গণপরিবহনে আলাদা ও বিশেষায়িত সেবা নিশ্চিত করার পাশাপাশি বাস পরিচালনার মতো কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগও বাড়বে।
নতুন এই সেবা রাজধানীতে নারী যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











