,

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: মাহদী

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, সরকারের প্রথম ছয় মাসে গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মাহদী আমিন। সভায় সরকারের গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।

মাহদী আমিন বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট ও ধ্বংসস্তূপের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ চলছে। জনগণের আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরে তিনি জানান, অর্থনীতিতে সংস্কারের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও অনেকটা এগিয়ে গেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার দীর্ঘ সময় দেশে তেলের দাম অপরিবর্তিত রেখে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করেছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, বাজারে যাতে কোনো ধরনের সিন্ডিকেট তৈরি না হয় এবং কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো না যায়, সেজন্য সরকার শুরু থেকেই ব্যবস্থা নিয়েছে।

ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে বড় ধরনের অসন্তোষ না হওয়াকেও সরকারের একটি সাফল্য হিসেবে উল্লেখ করেন মাহদী আমিন। তিনি বলেন, শ্রমিক, মালিক, ট্রেড অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।