রাতারাতি দেশ পুনর্গঠন সম্ভব নয়: রিজভী
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। তাই রাতারাতি দেশের সব সমস্যা সমাধান বা পুনর্গঠন করা সম্ভব নয়। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দীর্ঘদিনের নৈরাজ্য ও সংকটের পর আন্দোলনের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এসেছে। একই সময়ে ব্যাংক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও বড় ধরনের অনিয়মের কারণে রাষ্ট্রীয় কাঠামোতে নানা সমস্যা তৈরি হয়েছিল।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করেছেন। ক্ষমতা গ্রহণের প্রথম দিক থেকেই এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হয় বলে জানান তিনি।
নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে রিজভী বলেন, প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক পরিস্থিতি ও নানা প্রতিকূলতা সরকারের সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব কারণে দেশের উন্নয়নের গতি কিছুটা বাধাগ্রস্ত হলেও সরকার পরিস্থিতি সামাল দিতে দিনরাত কাজ করছে।
তিনি আরও বলেন, বিভিন্ন খাতে বিদ্যমান সংকট চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা করে ধীরে ধীরে দেশকে পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সরকারের ছয় মাসের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।











