রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুলের মনোনয়ন বৈধ
অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। এর মধ্যে একটির প্রস্তাবক ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। নিয়ম অনুযায়ী একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় অপরটি বাতিল হয়ে গেছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে ইসি।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে একটি বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অপরটি বাতিল করা হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার কথা রয়েছে।











