বিএনপির ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : সউন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে নিজের প্রথম কর্মসূচিতে এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থনেই বিএনপি সরকার গঠন করেছে। তাই সরকারের প্রতি জনগণের যে আস্থা রয়েছে, তা ধরে রাখার আহ্বান জানান তিনি। দেশের জনগণের পাশে বিএনপি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি যতদিন টিকে থাকবে, ততদিন দেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই কাজ করবে। দেশের ও জনগণের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি।
রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। এতে মানুষের ব্যবসা-বাণিজ্য, চাকরি এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অন্যদিকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা এর সুযোগ নেওয়ার চেষ্টা করে।
দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও জনস্বার্থের কর্মসূচিতে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা চায়। এসব লক্ষ্য অর্জনে সরকারকে সময় দেওয়ার পাশাপাশি সবাইকে ধৈর্য ও সতর্কতা অবলম্বন করতে হবে।
তারেক রহমান জানান, সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে পাকুন্দিয়ায় পৌঁছে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত নেতা-কর্মীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ফজলুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়ার কর্মসূচি শেষে কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় মৎস্যপদক বিতরণ করবেন তিনি।
এ ছাড়া শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।











