আ. লীগের নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই বলেও তিনি জানিয়েছেন।
বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে মন্ত্রী বলেন, এমন কোনো গুজবের বিষয় এখন পর্যন্ত সরকারের নজরে আসেনি। তাই এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়েও সরকার আপাতত ভাবছে না।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়—ভারতের রাষ্ট্রদূতের এমন বক্তব্যের পর বাংলাদেশ ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে।
অনুষ্ঠানে তরুণদের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সময়ে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উপযুক্ত জ্ঞান ও দক্ষতায় গড়ে তোলা জরুরি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের কারণে ভবিষ্যতের কর্মপরিবেশ ও সামাজিক বাস্তবতা দ্রুত বদলে যাচ্ছে।
তিনি বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা তরুণদের মধ্যেই বেশি। তাই তাদের দক্ষতা বিকাশে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
‘২০২৬—ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিদেশি অতিথি, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











