ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে
অনলাইন ডেস্ক : বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় আজ ঢাকার অবস্থান কিছুটা স্বস্তিদায়ক। বায়ুমান সূচকে ৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। এই মাত্রার বায়ুকে সহনীয় বা মাঝারি মানের হিসেবে বিবেচনা করা হয়।
সোমবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর সূচকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ ১৮৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার বায়ুমান স্কোর ১৫৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, যার স্কোর ১২০। চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১১৭ এবং পঞ্চম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের স্কোর ১১৫।
বায়ুমানের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আইকিউএয়ার স্কোর ০ থেকে ৫০ পর্যন্ত হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয় বা মাঝারি হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের বায়ু শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।











