রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

news-image

অনলাইন ডেস্ক : চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত কর্মসংস্থান অধিদপ্তরের আওতায় এসব কেন্দ্র পরিচালিত হবে এবং এ-সংক্রান্ত প্রস্তাব শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জুন মাসের অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যপত্রে এ তথ্য উঠে এসেছে। গত ২১ জুলাই মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

কার্যপত্রে বলা হয়েছে, কর্মসংস্থান অধিদপ্তর গঠনের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব কেন্দ্রের মাধ্যমে চাকরিপ্রার্থীদের মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগে সহায়তা দেওয়া হবে। যাদের প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি থাকবে, তাদের উপযুক্ত সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হবে।

এছাড়া সভার কার্যপত্রে বাংলাদেশ শ্রম বিধিমালা সংশোধনের অগ্রগতি, বেসরকারি প্যানেল আইনজীবী নিয়োগ, শূন্যপদে জনবল নিয়োগ এবং ৪৪তম বিসিএস (নন-ক্যাডার) থেকে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রমের তথ্যও তুলে ধরা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শতভাগ ডি-নথি ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জুন মাসে হার্ডকপিতে পাওয়া সব সরকারি ডাক ডি-নথিতে আপলোড করে নিষ্পত্তি করা হয়েছে এবং নথি নিষ্পত্তির হার ছিল ১০০ শতাংশ।

এছাড়া অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস), ই-সার্ভিস কার্যক্রম, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস), শিশুশ্রম নিরসন, শ্রমিক কল্যাণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিভিন্ন কার্যক্রমও চলমান রয়েছে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’-এর মূল লক্ষ্য হবে চাকরিপ্রার্থী ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা, যাতে যোগ্য প্রার্থীরা সহজেই উপযুক্ত চাকরির সুযোগ পান এবং প্রয়োজন হলে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণও গ্রহণ করতে পারেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী