রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলা গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলার মতো কিছু নেই। তবে রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চান, তাহলে সংবিধান অনুযায়ী নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনো শুধুই গুঞ্জন। এটি যদি বাস্তব কোনো ঘটনায় পরিণত হয়, তখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদেশে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো যোগাযোগ বা ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
এর আগে সচিবালয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কক্সবাজারকে পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সরকার একটি মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রের সম্ভাবনা কাজে লাগাতে বড় প্রকল্প গ্রহণের পরিকল্পনাও রয়েছে।











