অনলাইন ডেস্ক : রাজনৈতিক সহিংসতা, নিপীড়ন ও বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত বিএনপির বিশেষ সেল ‘আমরা বিএনপি পরিবার’ বর্তমানে মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনটি জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত পরিবার, আহত ব্যক্তি, অসহায় শিক্ষার্থী ও বিভিন্ন সংকটে থাকা মানুষের সহায়তায় কাজ করছে তারা। চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও আর্থিক সহায়তার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছে সংগঠনটি।
‘আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ২০২৪ সালের ২২ মার্চ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তবে এর মানবিক কার্যক্রম এর আগেই সীমিত পরিসরে চলছিল।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে অসহায় পরিবার, আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য, এতিম শিশু এবং আর্থিক সংকটে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসা ব্যয় বহন, শিক্ষা সহায়তা, ঘর নির্মাণ এবং পুনর্বাসন কার্যক্রম উল্লেখযোগ্য।
সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের বিভিন্ন আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করা হচ্ছে। বর্তমানে শতাধিক পরিবার ও আহত ব্যক্তিকে বিভিন্নভাবে সহায়তা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের বিভিন্ন জেলায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণ, হুইলচেয়ার ও কর্মসংস্থানের উপকরণ দেওয়ার মতো কার্যক্রম রয়েছে।
‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন সংকটে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ সংগঠন গঠন করা হয়েছে। অসহায় শিক্ষার্থী, আহত ব্যক্তি, নিহতদের পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তায় সংগঠনটি কাজ করছে।
সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, অসহায় খেলোয়াড়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, বন্যার্ত মানুষ, কৃষকসহ বিভিন্ন শ্রেণির মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংগঠনের সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য। দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।