ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম
অনলাইন ডেস্ক : বায়ুদূষণের দিক থেকে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানী ঢাকায়। সর্বশেষ বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ঢাকার অবস্থান হয়েছে ৫৫তম। শহরটির বায়ুমান স্কোর ৫৮, যা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ের বাতাস নির্দেশ করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় এ সময় ঢাকার অবস্থান ছিল ৫৫।
একই সময়ে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান স্কোর ১৫৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বাতাস নির্দেশ করে।
দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, যার স্কোর ১৩৯। তৃতীয় অবস্থানে থাকা আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের স্কোর ১২৯।
এ ছাড়া ইসরায়েলের জেরুসালেম ১২৭ স্কোর নিয়ে চতুর্থ এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ১১৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। চীনের চেংদু শহর ১১০ স্কোর নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।
বায়ুমান সূচকের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ের ধরা হয়।
এ ছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে বিবেচনা করা হয়।











