প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল
অনলাইন ডেস্ক : বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নির্বিঘ্ন রাখতে এবং জনস্বার্থ বিবেচনায় আগের আদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে যাদের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।
এর আগে ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশের মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সময়সীমা বাড়ানোর ফলে যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তারা এখন নতুন সময়সীমার মধ্যে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ পাবেন। এতে প্রবাসীদের প্রশাসনিক সেবা গ্রহণ আরও সহজ হবে।











