রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন
অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের আগের সাংবিধানিক পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি তিনি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত হওয়ায় তাকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও আলোচনা চলছে।
বঙ্গভবনের একটি সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে। সেই অনুযায়ী আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আরও একটি সূত্রের ভাষ্য, সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা এড়াতে রাষ্ট্রপতির পদে পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে চলতি বছরের মে মাসে লন্ডন সফরের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টিও আলোচনায় এসেছে বলে দাবি করা হয়েছে। যদিও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এদিকে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। এ প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
সূত্রগুলো আরও জানায়, সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে বুধবার পর্যন্ত সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে তিনি কবে পদত্যাগ করবেন বা তার স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।











