তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক
অনলাইন ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। ওই ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তবে সংসদ সদস্যের দাবি, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন তাদের বিয়ে হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তরুণীর একটি জীবনবৃত্তান্ত ছড়িয়ে পড়েছে। সেখানে গাজী নজরুল ইসলামের স্বাক্ষরসহ ‘জোর সুপারিশ করছি’ লেখা রয়েছে বলে দাবি করা হচ্ছে। জীবনবৃত্তান্তে স্বাক্ষরের তারিখ ২২ জুন ২০২৬ উল্লেখ রয়েছে এবং বৈবাহিক অবস্থার ঘরে অবিবাহিত লেখা আছে।
তাসনিম জারা তার পোস্টে দাবি করেন, তরুণীটির বয়স কম এবং চাকরির প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিলে পরিস্থিতি তদন্তের দাবি রাখে। তিনি বলেন, ক্ষমতাবান ব্যক্তির সুপারিশের মাধ্যমে চাকরির সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
তিনি আরও বলেন, অভিযোগের সম্ভাবনা মানেই প্রমাণ নয়। তবে সামনে আসা বিষয়গুলো যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা উচিত। অভিযোগ সত্য না হলে সংশ্লিষ্ট ব্যক্তি তার অবস্থান পরিষ্কার করার সুযোগ পাবেন, আর অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।
এনসিপির সাবেক এই নেত্রী আরও প্রশ্ন তোলেন, ক্ষমতাবান ব্যক্তিদের সুপারিশনির্ভর ব্যবস্থা সাধারণ মানুষের জন্য কতটা ঝুঁকি তৈরি করতে পারে। তার মতে, চাকরি বা সুযোগ পাওয়ার ক্ষেত্রে নির্ভরশীলতার এই সংস্কৃতি পরিবর্তন করা জরুরি।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল দুর্নীতিমুক্ত ব্যবস্থার কথা বললেও সুপারিশনির্ভর কাঠামোর পরিবর্তন হচ্ছে না। এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় সমস্যার কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।











