মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ১২০ মোড়ে বসছে স্মার্ট সিগন্যাল

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর যানজট কমাতে আগামী ছয় মাসের মধ্যে ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, বর্তমানে রাজধানীর ১২টি পয়েন্টে এই ব্যবস্থা চালু রয়েছে। আগামী এক মাসের মধ্যে তা ৬০টির বেশি মোড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, শুধু ট্রাফিক সদস্য বাড়িয়ে ঢাকার যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়। সড়কের নকশা বিশ্লেষণ করে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালু করাই দীর্ঘমেয়াদি সমাধান।

তিনি বলেন, গত এক বছরে রাজধানীর ৭৫টি স্থানে ডাইভারশন ও সড়ক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। এসব উদ্যোগের ফলে যানজট কমেছে এবং নতুন কোনো বড় সমস্যা তৈরি হয়নি।

ডিএমপির তথ্য অনুযায়ী, বর্তমানে ট্রাফিক বিভাগে প্রায় ৪ হাজার ১০০ সদস্য থাকলেও নিয়মিত দায়িত্ব পালন করছেন প্রায় ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৭০০ জন। তারা রাজধানীর ৬৬৮টি ট্রাফিক পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

আনিছুর রহমান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদ গেট, বসিলা, কাকলী, ইসিবি চত্বর ও কালশীসহ বিভিন্ন এলাকায় সড়ক ব্যবস্থাপনায় পরিবর্তন এনে যান চলাচল সহজ করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে জিপিএস ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। উন্নত দেশগুলোর মতো পুরোপুরি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর প্রস্তুতিও চলছে।

বর্তমানে চালু থাকা সেমি-অটোমেটিক সিগন্যাল ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী সিগন্যালের সময় পরিবর্তন করা যায়। ভবিষ্যতে যানবাহনের চাপ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল নিয়ন্ত্রণের ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকার যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন কাজের সময় সমন্বয়ের অভাব এবং অপরিকল্পিত সড়ক খোঁড়াখুঁড়ি যানজট বাড়ানোর অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।