সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করুন’

news-image

অনলাইন ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জনপ্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে বিসিএস প্রশাসন একাডেমি। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি। তবে দীর্ঘদিনের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে একটি নিরপেক্ষ ও জনগণমুখী প্রশাসন গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সেবা নিশ্চিত করতে হবে। শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বাস্তবে জনগণের উপকার হয় এমন উদ্যোগ গ্রহণ করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজের সুবিধাপ্রাপ্ত একটি অংশ হিসেবে তাদের দায়িত্ব আরও বেশি। তাই ক্ষমতার মনোভাব বাদ দিয়ে জনকল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের অবশ্যই আইন ও বিধিমালা অনুসরণ করে কাজ করতে হবে। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে সরকারের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত অঙ্গীকার বাস্তবায়ন করাই প্রশাসনের মূল দায়িত্ব।

সঠিক নীতি প্রণয়নের জন্য দেশের তথ্য ও পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন পরিসংখ্যান ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছিল। উন্নয়ন পরিকল্পনার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করতে কৃষি ও প্রবাসী আয়কে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত কৃষির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে যুক্ত করে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে।

এ ছাড়া জনশক্তিকে দক্ষ করে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও সক্রিয় করার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলম। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন।