এস আলম-পি কে হালদার মামলায় ১১তম সাক্ষীর জবানবন্দি
অনলাইন ডেস্ক : জালিয়াতির মাধ্যমে ৩৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম, রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)সহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে ১১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আসাদুল আজাদ আদালতে জবানবন্দি দেন।
সাক্ষ্য গ্রহণ শেষে কারাগারে থাকা আসামি রাশেদুল হকের পক্ষে আইনজীবী নিয়াজ মোরশেদ সাক্ষীকে জেরা করেন। তবে অপর আসামি নাহিদা রুনাইয়ের আইনজীবী মোহাম্মদ বাবুল বেপারী জেরার জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে অবশিষ্ট জেরা ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
এর আগে এই মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গত ১৯ জানুয়ারি এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌসসহ রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক কয়েকজন কর্মকর্তা। এছাড়া মারিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে রয়েছেন, আর অন্যরা পলাতক।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ৮ আগস্ট নামসর্বস্ব এ এম ট্রেডিং প্রতিষ্ঠানের নামে ৩৪ কোটি টাকার একটি মেয়াদি ঋণ অনুমোদন করা হয় এবং পরদিন তা বিতরণ করা হয়। পরে অভিযোগ ওঠে, ওই অর্থ এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তাহাসিন মুনাবীল হক মামলা করেন। তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি থেকে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।











