জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফখরুলের
অনলাইন ডেস্ক : জুলাই সনদকে ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, সব রাজনৈতিক দলের সম্মতিতে স্বাক্ষরিত এই সনদ বাস্তবায়ন নিয়ে আর কোনো বিভ্রান্তির সুযোগ থাকা উচিত নয়।
রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেসব বিষয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দল নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে। তাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই এবং বিএনপি এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নিয়ে মতভেদ দূর করার উদ্যোগ নেওয়া উচিত।
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলটি কোনো বিপ্লবী সংগঠন নয়; বরং একটি উদারপন্থী গণতান্ত্রিক দল, যা নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন দেশের জন্য নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। সেই লক্ষ্য বাস্তবায়নে ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে বিএনপির দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন।
মির্জা ফখরুলের ভাষ্য, দীর্ঘদিন আন্দোলনের পর এখন সহিংসতার পরিবর্তে সংসদে আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মতপার্থক্যের সমাধান করা জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর সংঘাতের পথে যেতে না হয়।
বক্তব্যের শেষদিকে তিনি বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও তোষামোদির সংস্কৃতি বিদ্যমান। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। পাশাপাশি তিনি মন্তব্য করেন, দীর্ঘ ১৬ বছরের নানা অনিয়ম ও অপকর্মের প্রভাব অল্প সময়ে দূর করা সম্ভব নয়।











