রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে লিজে ১০টি উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি এয়ারবাস থেকে আরও ১০টি উড়োজাহাজ কেনার বিষয়েও আলোচনা চলছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে লিজে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ বহরে যুক্ত করার লক্ষ্য রয়েছে বিমানের। বর্তমানে সংস্থাটির বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে ২৯টিতে দাঁড়াবে।

সূত্র জানায়, এই বহর বাড়ানোর পরিকল্পনা বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার প্রস্তাবিত চুক্তির বাইরে আলাদাভাবে নেওয়া হয়েছে। বোয়িংয়ের সঙ্গে করা চুক্তির উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ পাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন উড়োজাহাজ দ্রুত পাওয়ার সুযোগ সীমিত হওয়ায় অন্তর্বর্তী চাহিদা পূরণে লিজের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, শুরুতে চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা থাকলেও প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা বাড়তে পারে। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানো ও নতুন গন্তব্যে সেবা চালুর সুযোগ তৈরি হবে।

লিজ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রায় ৪০টি আবেদন পাওয়া গেছে এবং যাচাই শেষে একটি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হবে।

এদিকে বিমান ইতোমধ্যে ছয় বছরের জন্য ড্রাই লিজে তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার নেওয়ার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে এসব উড়োজাহাজ পাওয়ার লক্ষ্য রয়েছে।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল বিমান ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।

বোয়িংয়ের সঙ্গে চুক্তির পর এয়ারবাসও বিমানকে ১০টি উড়োজাহাজ সরবরাহের প্রস্তাব দেয়। এর মধ্যে ছয়টি এ৩৫০-৯০০ ওয়াইড বডি এবং চারটি এ৩২১-নিও ন্যারোবডি উড়োজাহাজ রয়েছে। প্রস্তাবটি বর্তমানে যাচাই-বাছাই করছে বিমান কর্তৃপক্ষ।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি উড়োজাহাজ সাময়িকভাবে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।

এ জাতীয় আরও খবর