অনলাইন ডেস্ক : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত ঘটনাকে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা একটি পদ্ধতিগত অপরাধ। তার দাবি, হেফাজতে ইসলামীকে দুর্বল করার উদ্দেশ্যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পরিকল্পনার অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছিল।
চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত করেছে। তদন্ত শেষে তারা একটি খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে প্রতিবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে, যাতে সঠিক তদন্তের ভিত্তিতে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।
তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনাই তাদের লক্ষ্য। এ জন্য হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার আশা করা হচ্ছে।
মামলার আসামিদের তালিকা সম্পর্কে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, প্রতিবেদনটি এখনো খসড়া পর্যায়ে থাকায় আসামিদের পূর্ণ তালিকা প্রকাশ করা যাচ্ছে না। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। এছাড়া সাবেক পুলিশপ্রধান ও বিজিবি প্রধানসহ কয়েকজনের নামও খসড়া প্রতিবেদনে রয়েছে।
তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে আসামিদের তালিকায় পরিবর্তন আসতে পারে। চূড়ান্ত চার্জ দাখিলের পরই কারা আসামি হচ্ছেন তা স্পষ্ট হবে।
নিহতের সংখ্যা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে এখন পর্যন্ত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এর আগে সকালে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায়। সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে প্রতিনিধি দলে মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।