শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ না মানলে গণআন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

news-image

অনলাইন ডেস্ক : সরকার গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৮ জুলাই) বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বরিশালের পর ঢাকায় বড় সমাবেশ করা হবে। এরপর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মসূচি চলবে। এর মধ্যে সরকার গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের পথে যেতে হবে।

তিনি বলেন, এখনো তারা হরতাল বা অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করেননি। তবে প্রয়োজন হলে এমন কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার ও প্রধানমন্ত্রী একদিকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও অন্যদিকে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। জনগণ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও সেই সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি আগে গণতন্ত্রের জন্য আন্দোলন করলেও বর্তমানে সংস্কারের দাবির বিপরীতে অবস্থান নিয়েছে। সংবিধান সংস্কারসহ বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার অভিযোগও করেন তিনি।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের নামে কোনো ধরনের প্রহসন জনগণ মেনে নেবে না। প্রয়োজন হলে নতুন সংবিধান ও নতুন গণপরিষদ নির্বাচনের দাবিও তোলা হবে।

বরিশালের উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সংকটে রয়েছে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান তৈরি করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।