শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, থাকছে ১০ সুবিধা

news-image

অনলাইন ডেস্ক : আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে সরকারের ‘প্রবাসী কার্ড’ কার্যক্রম। প্রথম ধাপে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রবাসী কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি জানান, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক সুবিধা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক লেনদেন সহজ করাই এই কার্ড চালুর মূল লক্ষ্য। ডুয়াল কারেন্সি সুবিধার মাধ্যমে দেশে-বিদেশে ব্যাংকিং ও পেমেন্ট সেবা আরও সহজ হবে।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার চালু হচ্ছে প্রবাসী কার্ড।

প্রবাসী কার্ডধারীরা যেসব সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে— দেশে ও বিদেশের বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন সুবিধা, কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, মিট অ্যান্ড গ্রিট সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, গাড়ি বুকিং সুবিধা, বিমানবন্দর পিক-আপ ও ড্রপ সেবা।

এ ছাড়া সরকারি হাসপাতালে বিশেষ সেবা বুথ, বেসরকারি হাসপাতালে ছাড়, প্রবাসীর মৃত্যুর পর বিনা খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা, পুনর্বাসন সুবিধা, বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন ও সরকারি বিভিন্ন সেবায় অগ্রাধিকার দেওয়া হবে।

কার্ডের মাধ্যমে রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, সহজ অর্থ লেনদেন, এনআইডি-পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকারসহ বিভিন্ন সুবিধাও যুক্ত থাকবে।

শাহাদাৎ স্বাধীন জানান, আগামী মাসের মাঝামাঝিতে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড উদ্বোধন করা হবে। শুরুতে জনতা ব্যাংকের মাধ্যমে এই কার্ড দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীর কাছে কার্ড পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ড সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের এই সুবিধার আওতায় আনার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।