অনলাইন ডেস্ক : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে মবের শাসনের পরিবর্তে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে তিনি স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গণতান্ত্রিক আইনজীবী সংহতি আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও বিচারবিভাগের কাঙ্ক্ষিত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে বিচারব্যবস্থার সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে একটি স্বাধীন ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্বাহী বিভাগ, বিচারবিভাগ ও সংসদের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিচারব্যবস্থাকে ব্যবহার করা হয়েছে এবং বিচারক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে। ভবিষ্যতে বিচারবিভাগকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সাইফুল হক আরও বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট হলে সমাজে অস্থিরতা ও নৈরাজ্যের ঝুঁকি তৈরি হয়। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারবিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা করা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, দীর্ঘ আন্দোলনের পর শক্তিশালী ও স্বাধীন বিচারব্যবস্থার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক কিছু উদ্যোগে তা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি বিচারবিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান।