রাজনৈতিক বিবেচনায় বঞ্চনা মানবতার বিরুদ্ধে: রিজভী
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে সুযোগ দেওয়া বা বঞ্চিত করা মানবতার পরিপন্থী। তার দাবি, গত ১৭ বছরে এমন সংস্কৃতির কারণে দেশের বহু মেধাবী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অতীতে অনেক মেধাবী শিক্ষার্থী ও কর্মকর্তা রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি, পদোন্নতি এবং প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। অনেককে দীর্ঘদিন প্রত্যন্ত অঞ্চলে কর্মরত রাখা হয়েছে, যদিও তাদের যোগ্যতা ও দক্ষতার কোনো ঘাটতি ছিল না।
তিনি বলেন, একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ চিকিৎসককে রাজনৈতিক কারণে মূল্যায়ন না করা দেশের জন্য ক্ষতিকর। এতে মেধার যথাযথ ব্যবহার হয় না এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
রিজভীর অভিযোগ, বহু চিকিৎসক গবেষণা, প্রকাশনা ও পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলেও রাজনৈতিক কারণে তারা দীর্ঘদিন পদোন্নতি পাননি। গত বছরের রাজনৈতিক পরিবর্তন না হলে তাদের অনেকেই উচ্চপদে যাওয়ার সুযোগ পেতেন না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নেতৃত্বের মধ্যে পুরো দেশের প্রতি সমান দৃষ্টিভঙ্গি থাকতে হবে। রাজনৈতিক বিভাজনের কারণে অনেক মেধাবী ব্যক্তি বিদেশে চলে গেছেন বা নিজেদের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ হারিয়েছেন, যা দেশের জন্য বড় ক্ষতি।
বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার হিসেবে এ ধরনের পদক্ষেপ ইতিবাচক বলে তিনি উল্লেখ করেন।











