শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উদ্যোগে ইতিবাচক পরিবর্তনের দাবি

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, পরিবেশ দূষণ রোধ, বর্জ্যমুক্ত বাংলাদেশ গঠন এবং যেখানে-সেখানে আবর্জনা না ফেলার মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু হয়েছে। শনিবার সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে এবং এ লক্ষ্য অর্জনে জনগণ, প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। জনগণের সমর্থন থাকলে তা ভোটের মাধ্যমেই প্রতিফলিত হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

সালেহ শিবলী আরও বলেন, প্রধানমন্ত্রী প্রায়ই মূল্যবোধ ও নৈতিকতার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। উদাহরণ হিসেবে তিনি প্রধানমন্ত্রীর একটি বক্তব্য উল্লেখ করে বলেন, প্রতিদিন ভালো কাজ করার মানসিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ ধরনের বার্তা গণমাধ্যমে আরও গুরুত্ব পাওয়া উচিত বলেও তিনি মত দেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকারের সময় গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। তবে কিছু সাংবাদিকের সংবাদ পরিবেশনকে তিনি ‘অপসাংবাদিকতা’ আখ্যা দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক একটি আন্দোলনের সময় কয়েকজন মোবাইল সাংবাদিকের আচরণ পরিস্থিতিকে উসকে দিয়েছে। একই সঙ্গে তিনি অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ সময়ের বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, সাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, আশরোফা ইমদাদ, আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।