সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা
অনলাইন ডেস্ক : রাজধানীর ব্যস্ত নগরজীবনের ভোর শুরু হয় পরিচ্ছন্নতাকর্মীদের কাজ, চায়ের দোকানের ধোঁয়া আর মানুষের কর্মস্থলে ছুটে চলার মধ্য দিয়ে। সেই ব্যস্ততার মাঝেই জীবিকার সন্ধানে প্রতিদিন অপেক্ষায় থাকেন একদল নারী, যারা শ্রম বিক্রি করেই চালান নিজেদের সংসার।
রাজধানীর মধ্য বাড্ডার একটি মার্কেটের সিঁড়িতে প্রতিদিনের মতো বসে থাকতে দেখা যায় মধ্যবয়সী থেকে বয়স্ক অনেক নারীকে। তাদের সবার চোখে থাকে কাজ পাওয়ার প্রত্যাশা। কোনো কাজের লোক নিতে কেউ এলে তাকে ঘিরে ধরেন তারা। কেউ কাজ পান, আবার অনেকে হতাশ হয়ে ফিরে যান।
অভাবের কারণে অনেক সময় পারিশ্রমিক নিয়েও আপস করতে হয় তাদের। যেখানে একটি কাজের মজুরি ৭০০ টাকা হওয়ার কথা, সেখানে কেউ কেউ ৫০০ টাকাতেও কাজ নিতে বাধ্য হন।
এমনই কাজের অপেক্ষায় থাকা চার সন্তানের মা নাসিমা জানান, তার স্বামী ড্রেন পরিষ্কারের কাজ করেন, তবে নিয়মিত আয় নেই। প্রতি মাসে বাসা ভাড়া দিতে হয় ৪ হাজার টাকা। এক মেয়ের বিয়ে হলেও বাকি সন্তানদের খাবারের দায়িত্ব এখনো তার কাঁধেই।
নিজের কষ্টের কথা বলতে গিয়ে নাসিমা বলেন, সংসারের চাপ নারীদের ওপর অনেক বেশি পড়ে। তিনি জানান, সরকারি সহায়তার কথা শুনলেও এখনো কোনো সুবিধা পাননি।
নাসিমার কাছেই দাঁড়িয়ে ছিলেন পঞ্চাশোর্ধ্ব সেলিনা বেগম। বয়সের কারণে বিশ্রামের সময় হলেও জীবিকার তাগিদে তাকেও প্রতিদিন কাজে বের হতে হয়। তিনি জানান, স্বামীর পায়ে সমস্যা হওয়ার পর চার বছর ধরে তিনি ঘরে বসে আছেন। সন্তানরা নিজেদের সংসারে ব্যস্ত থাকায় বৃদ্ধ স্বামীকে নিয়ে তাকেই সংসারের হাল ধরতে হচ্ছে।
সেলিনা বলেন, জীবনের এক পর্যায়ে এসে এমন কঠিন শ্রম করার কথা ছিল না, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে।
নাসিমা বা সেলিনা বেগম একা নন। রাজধানীর বিভিন্ন এলাকায় এমন অসংখ্য নারী প্রতিদিন জীবিকার সন্ধানে বের হন। পরিবার টিকিয়ে রাখতে তাদের এই নীরব সংগ্রাম নগরীর ব্যস্ত জীবনের আড়ালে থাকা এক কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরে।











