মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ
অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের মৃত্যুর প্রায় দুই বছর পার হলেও হত্যাকাণ্ডের বিচার শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেছেন, যে বাংলাদেশের স্বপ্নে মুগ্ধ জীবন দিয়েছে, সেই বাংলাদেশ এখনো দেখতে পাননি তারা।
এক সাক্ষাৎকারে স্নিগ্ধ বলেন, যারা একটি পরিবর্তিত ও বৈষম্যহীন রাষ্ট্রের প্রত্যাশায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের হত্যার বিচার দীর্ঘসূত্রতায় আটকে থাকা অত্যন্ত বেদনাদায়ক। শহীদ পরিবারের প্রধান প্রত্যাশা ছিল দ্রুত ও সুষ্ঠু বিচার, কিন্তু এখনো সেই প্রক্রিয়া প্রাথমিক পর্যায়েই রয়েছে।
তিনি অভিযোগ করেন, শুধু হত্যার বিচার নয়, জুলাই-আগস্ট আন্দোলনের মূল আকাঙ্ক্ষা—রাষ্ট্রব্যবস্থার সংস্কার, গণতান্ত্রিক পরিবেশ তৈরি এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি নেই। তার মতে, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব পরিবর্তন খুব কমই দেখা যাচ্ছে।
বিচার বিলম্ব নিয়ে উদ্বেগ জানিয়ে স্নিগ্ধ বলেন, দীর্ঘ সময় ধরে বিচার না হওয়ায় পরিবারগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সময়মতো ন্যায়বিচার পাওয়া যাবে কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে।
মুগ্ধর স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় ঈদসহ সব উৎসব ছিল আনন্দের উপলক্ষ। পরিবারের প্রাণকেন্দ্রে থাকা মুগ্ধের অনুপস্থিতিতে এখন এসব দিন শোকের স্মৃতিতে পরিণত হয়েছে। বিশেষ করে তার মা এখনো সন্তানের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি।
স্নিগ্ধ জানান, আন্দোলনের সময় মুগ্ধের পানি বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। তার দাবি, ভিডিও প্রকাশের পর তৎকালীন সরকারের বিভিন্ন পর্যায় থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের অবস্থান পরিবর্তনের জন্য চাপ দেওয়ার চেষ্টা করা হয়।
তিনি বলেন, পরিবার সেই প্রস্তাব গ্রহণ করেনি। তাদের অবস্থান ছিল, মুগ্ধ হত্যার জন্য যারা দায়ী বলে তারা মনে করেন, তাদের সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ করা হবে না।
স্নিগ্ধ আরও জানান, সে সময় পরিবারকে বিভিন্নভাবে চাপের মুখে পড়তে হয়েছিল এবং নিরাপত্তার আশঙ্কায় কিছুদিন আলাদা আলাদা স্থানে থাকতে হয়। পরে পরিস্থিতির পরিবর্তন হলে তারা আবার নিজ বাড়িতে ফিরে আসেন।
ভাই হারানোর দুই বছর পূর্তির আগে স্নিগ্ধর প্রত্যাশা, শহীদদের হত্যার দ্রুত বিচার এবং জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন। তবে তার আক্ষেপ, মুগ্ধ যে বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি।











