এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭
অনলাইন ডেস্ক : স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের মসৃণ ও টেকসই উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি-৭৭ ও চীন। জাতিসংঘ সদর দপ্তরে পৃথক বৈঠকে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তারা।
শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘে ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি-৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশের অতিরিক্ত তিন বছর সময়ের আবেদন তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনীতি ও রাজনীতিতে চলমান পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানি সংকট মোকাবিলা করে কাঠামোগত সংস্কার কার্যক্রম আরও শক্তিশালী করতে বাড়তি সময় প্রয়োজন।
তিনি জানান, সরকার সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, দেশীয় সম্পদ আহরণ বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, অতিরিক্ত সময় পাওয়া গেলে সংস্কার কার্যক্রম আরও কার্যকর হবে, অবকাঠামোগত সীমাবদ্ধতা কমবে এবং দেশের শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। এতে বাংলাদেশের এলডিসি উত্তরণ আরও স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি হবে।
ইইউ রাষ্ট্রদূত লামব্রিনিদিস বাংলাদেশের সুশাসন ও টেকসই উন্নয়নের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়ে এলডিসি উত্তরণে ইইউর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অন্যদিকে জি-৭৭ ও চীনের চেয়ার লরা দুপুই লাসেরে বাংলাদেশের অতিরিক্ত প্রস্তুতিকালের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের সংস্কার পরিকল্পনার প্রশংসা করে এ বিষয়ে জি-৭৭-এর সমর্থন অব্যাহত রাখার কথা জানান।
তিনি জি-৭৭ সদস্য দেশগুলোর সামনে বাংলাদেশের উত্তরণ কৌশল তুলে ধরতে একটি পৃথক ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেন, যা বাংলাদেশ প্রতিনিধিদল স্বাগত জানায়।
বৈঠক শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, ইইউর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং বাংলাদেশের এলডিসি উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।











