বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদের আত্মত্যাগে বদলে যায় আন্দোলনের চিত্র, দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের

news-image

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার সেই সাহসী অবস্থান দেশজুড়ে আন্দোলনে নতুন গতি এনে দেয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিবারের দাবি, দ্রুত কার্যকর করা হোক আবু সাঈদ হত্যা মামলার রায়।

২০২৪ সালের ওই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে গুলির সামনে দাঁড়ানোর দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে তার আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে এবং তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।

আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় হলেও এখনো তা কার্যকর হয়নি। তার পরিবার দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে দণ্ড কার্যকরের দাবি জানিয়েছে।

আবু সাঈদের পরিবারের সদস্যরা বলেন, তারা জীবিত থাকতেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেখে যেতে চান। একই সঙ্গে তারা চান, আবু সাঈদের আত্মত্যাগ যেন রাজনৈতিক বিভাজনের কারণে আড়াল না হয় এবং ইতিহাসে যথাযথ মর্যাদা পায়।

২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে রংপুরের পার্ক মোড় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘর্ষের একপর্যায়ে আবু সাঈদ পুলিশের সামনে এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তিনি দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর পর গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু সাঈদের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয় এবং আন্দোলন নতুন মাত্রা পায়।

ঘটনার পর তাকে উদ্ধারে এগিয়ে আসা শিক্ষার্থী সিয়াম আহসান আয়ান জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি আবু সাঈদকে বাঁচানোর চেষ্টা করেন। তার ভাষ্য, আবু সাঈদ তখন তাকে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন। পরে অন্যদের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায়ে সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

আবু সাঈদের বড় ভাই বলেন, তার ভাইয়ের আত্মত্যাগ যেন রাষ্ট্র ও জনগণ ভুলে না যায়। তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করা জরুরি।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানান, ছেলের হত্যার বিচার তিনি জীবিত থাকতেই দেখে যেতে চান। তিনি সরকারের কাছে রায় বাস্তবায়নের দাবি জানান।

অন্যদিকে মা মনোয়ারা বেগম বলেন, ছেলের স্মৃতি এখনো তাকে কষ্ট দেয়। তিনি শুধু আবু সাঈদের নয়, জুলাই আন্দোলনে নিহত সব শহীদের হত্যার বিচার চান।

জুলাই আন্দোলনের সংগঠক ও আইনজীবীরা বলছেন, আবু সাঈদের আত্মত্যাগ ছিল আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাদের মতে, শুধু রায় ঘোষণা নয়, তা কার্যকর করাও জরুরি, যাতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী হয়।