বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদদের স্বপ্ন পূরণে ঐক্যের ডাক

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি আন্দোলনে আহত তরুণ-তরুণীদের প্রতিও শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি বলেন, অনেক আহত ব্যক্তি এখনো শারীরিক কষ্ট নিয়ে জীবনযাপন করছেন। একই সঙ্গে শহীদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আন্দোলনে অংশ নেওয়া সব দেশপ্রেমিক মানুষের ত্যাগের প্রশংসা করেন তিনি।

রাষ্ট্রপতির ভাষ্য, দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিবাদের ফল ছিল জুলাই গণঅভ্যুত্থান।

তিনি আরও বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের শহীদ হওয়া এবং দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন তরুণের আত্মত্যাগ আন্দোলনকে নতুন মাত্রা দেয়। পরবর্তী সময়ে দমন-পীড়ন, গ্রেপ্তার এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক সাফল্য নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা মানবিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে।

রাষ্ট্রপতি জানান, শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবশেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।

এ জাতীয় আরও খবর