অনলাইন ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ বর্তমানে পুলিশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ কার্যকরভাবে দমনে পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তিতে আরও দক্ষ হয়ে উঠতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এক বছরব্যাপী মৌলিক ও একাডেমিক প্রশিক্ষণ শেষে শৃঙ্খলা, দক্ষতা এবং দেশসেবার অঙ্গীকার নিয়ে নতুন এসআইদের প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। অনুষ্ঠানে আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে, যাতে সাইবার অপরাধ আরও কার্যকরভাবে মোকাবিলা করা যায়।
আলী হোসেন ফকির আরও বলেন, সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সততা, পেশাদারিত্ব ও নির্ভীকভাবে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।
এবারের সমাপনী কুচকাওয়াজে মোট ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন, যার মধ্যে ১৯ জন নারী। প্রশিক্ষণ শেষে তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে দুই বছরের জন্য শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ সময় পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।