দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
অনলাইন ডেস্ক : জাতীয় সংসদকে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থের অপচয় বন্ধ, সুষম উন্নয়ন নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
ড. শফিকুর রহমান বলেন, এই সংসদকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় পরিণত করতে হবে। সংসদের কার্যক্রম যত বেশি নিয়মতান্ত্রিক ও কার্যকর হবে, জনগণের হতাশা তত কমবে। এ জন্য স্পিকারকে সংসদীয় কার্যপ্রণালী বিধি যথাযথভাবে বাস্তবায়নে আরও দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাজেট ও গুরুত্বপূর্ণ আইন পাসের বিষয়ে তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ একটি বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা পর্যাপ্ত আলোচনা ও অংশগ্রহণের সুযোগ পাননি। ভবিষ্যতে যেন বিরোধী দলের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না হয়, সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে বন্যা, ভূমিধস ও পানিতে ডুবে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বিরোধীদলীয় নেতা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রামসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্বাসনে সরকারের বাড়তি মনোযোগ প্রয়োজন।
রাজধানীর জলাবদ্ধতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সামান্য বৃষ্টিতেই ঢাকার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়াকে জনস্বাস্থ্যের জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, রাজধানীকে আধুনিক ও বাসযোগ্য করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি প্রাথমিক শিক্ষায় নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহ্বান জানান তিনি।
উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে ড. শফিকুর রহমান বলেন, দেশের সব এলাকার জনগণের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠী যেন উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারি অর্থে ব্যক্তি বা রাজনৈতিক নেতার নামে স্থাপনার নামকরণের সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, জনগণের অর্থ আত্মপ্রচারের কাজে ব্যবহার করা উচিত নয়। সরকারি সম্পদের অপচয় বন্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের উন্নয়নের অন্যতম বড় বাধা দুর্নীতি। দুর্নীতির শিকড় উপড়ে ফেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে কেউ সরকারি সম্পদ লুটের সাহস না পায়।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান তিনি। পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ প্রণোদনা দেওয়ার দাবিও জানান।











