সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’
অনলাইন ডেস্ক : দেশের নাগরিকদের জন্য বিভিন্ন সরকারি সহায়তা ও কল্যাণমূলক সুবিধা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ডসহ বিভিন্ন সুবিধা ভবিষ্যতে একটি একক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে নাগরিকরা একটি পরিচয় ও কার্ড ব্যবহার করেই সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এসব সুবিধা কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিকদের প্রতি রাষ্ট্রের কর্তব্যের অংশ।
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের বড় একটি অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। এ কারণে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ থাকা কৃষকদের ঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর ফলে প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষকের ঋণ পরিশোধ করা হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে বিরোধী দলের সমর্থন ইতিবাচক। প্রান্তিক মানুষের উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অর্থনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে চায়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি নেওয়ার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়ন কার্যক্রম চালু করা হচ্ছে।
পরিবেশ রক্ষার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির কথাও জানান প্রধানমন্ত্রী। এ উদ্যোগ বাস্তবায়নে ১০ হাজার নার্সারি গড়ে তোলা হবে, যার মাধ্যমে প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি একটি বৈষম্যহীন, নিরাপদ ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।











