আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়
অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং লংমার্চ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা দেখা গেছে। বুধবার রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অন্য দিনের তুলনায় বেশি সংখ্যক অভিভাবক সন্তানদের সঙ্গে নিয়ে উপস্থিত হন।
অভিভাবকদের অনেকেই জানান, পরীক্ষা শেষে সন্তানদের একা বাড়ি ফিরতে দিতে চান না। পরিস্থিতি বিবেচনায় তারা নিজেরাই কেন্দ্র থেকে সন্তানদের নিয়ে যেতে এসেছেন।
বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা ঘিরে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রের বাইরে গাছের ছায়া, ফুটপাত ও ফটকের আশপাশে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের। অনেকের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠাও লক্ষ্য করা গেছে।
এদিন আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
পরীক্ষা শেষে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করেই পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে বাড়তি সতর্কতা তৈরি হয়েছে।
সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রের বাইরে অপেক্ষারত এক অভিভাবক জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে সন্তানকে একা ফেরত পাঠাতে স্বস্তি পাচ্ছেন না। তাই পরীক্ষা শেষে তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন।
আরেক অভিভাবক বলেন, পরীক্ষা স্বাভাবিকভাবে চলুক সেটাই সবার প্রত্যাশা। তবে কোনো কর্মসূচিকে কেন্দ্র করে যেন শিক্ষার্থীরা সমস্যায় না পড়ে, সে কারণেই তারা কেন্দ্রে অপেক্ষা করছেন।
এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।











