২৪ ঘণ্টায় গ্রেপ্তার না হলে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক : চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে চাঁদাবাজি ও হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। দাবি পূরণ না হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইএসপিএবি নেতারা এ ঘোষণা দেন। পরে বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স জানান, গত শনিবার ডিডিএনের কাছে ফোনে চাঁদা দাবি করা হয়। এরপর সোমবার দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই নিরাপত্তাহীনতায় কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। এটি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং পুরো আইএসপি খাতের নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়।
আইএসপিএবির দাবি, দেশের অর্থনীতি, প্রশাসন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা এখন ইন্টারনেটনির্ভর। তাই এ ধরনের হামলা জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাতের শামিল।
সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সব আইএসপি প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপ গ্রহণ।
আইএসপিএবি নেতারা জানান, জনস্বার্থে আপাতত ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।











